You have reached your daily news limit

Please log in to continue


‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’

আওয়ামী লীগ ও বিরোধী দলের একটি অংশ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান যে অভিযোগ তুলেছেন তার জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভুল রাজনীতি করে বিএনপি সরকারই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিচ্ছে।

পরওয়ার বলেন, ‘দেশটাকে অরাজকতা, অস্থিরতার আগুনের মধ্যে ঠেলে দেবেন না। দেশে অশান্তি তৈরি করে, রাজপথকে উত্তপ্ত করার দিকে ঠেলে দিয়ে, আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে এখানে ইন করার সুযোগ করে দিচ্ছেন।’

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগের দিন মঙ্গলবার রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার ও বিরোধী দলের একটি অংশ মিলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, দেশের বাইরে থেকে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলকে অর্থ দিচ্ছে, আর সেই দল দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাম পরওয়ারের বক্তব্য জানানো হয়।

বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্ব থেকে সরে না আসায় সাত মাসেই সরকার লেজেগোবরে অবস্থায় পড়েছে। সরকার বিরোধী দলের ওপর নিজেদের অপকর্মের দায় চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের দায়িত্ব সরকারের অপকর্ম ও দলীয়করণ জাতির সামনে তুলে ধরা। এসবের সমালোচনা করলেই অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তোলা হচ্ছে। এ ধরনের আচরণ ফ্যাসিবাদের পথ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন