রিল বানাতে ব্যস্ত এক দম্পতির পাশে সমুদ্রের ঢেউয়ে পড়ে এক শিশুর ছটফট করার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পরে পাশেই থাকা এক ব্যক্তি দ্রুত এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন।
ভিডিওতে দেখা যায়, সমুদ্রসৈকতের তীর ধরে হাঁটছেন এক নারী ও পুরুষ। তারা মোবাইল ফোন বা সেলফি স্টিক দিয়ে নিজেদের ভিডিও ধারণ করছিলেন। এ সময় নারীকে শিশুটির হাত ধরে পানির কাছ দিয়ে হাঁটতে দেখা যায়। কিছুক্ষণ পর শিশুটি পিছলে বালুর ওপর পড়ে যায়। এরপর সাগরের ঢেউ এসে তাকে এদিক-সেদিক ঠেলে দিতে থাকে।
এ সময় নারীকে একবার পেছনে তাকাতে দেখা গেলেও পরে তিনি আবার ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন। অন্যদিকে পুরুষটি ভিডিও ধারণ অব্যাহত রাখেন। রিল তৈরিতে ব্যস্ত থাকায় দম্পতি শিশুটির বিপদের বিষয়টি খেয়াল করেননি বলে ভিডিও দেখে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মারিয়াম নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেন। তিনি দাবি করেন, স্বামীর সঙ্গে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তার অভিযোগ, দম্পতি রিল তৈরিতে এতটাই মগ্ন ছিলেন যে, তাদের সন্তান বিপদের মধ্যে পড়লেও বিষয়টি বুঝতে পারেননি। পরে এক পথচারী এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। তা না হলে ঢেউয়ে শিশুটি ভেসে যেতে পারত।