সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পর উদ্ভূত পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (২৫ অক্টোবর) থেকে রিয়াদ রুটেও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি।
বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা সাপেক্ষে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং-৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালিত হবে।
এছাড়া বৃহস্পতিবার থেকে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট ছাড়বে। পাশাপাশি ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।