মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের সময় তার মাথার খুলির পেছনের অংশ থেকে একটি গুলি উদ্ধার করেছেন চিকিৎসকরা।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ ময়নাতদন্ত করা হয়। হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, তার মাথার খুলির ভেতরে একটি গুলি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’
আজ বুধবার সকাল ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়্যাল এক্সপ্রেস বাস কাউন্টার থেকে শাকেরের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পেছনে গভীর ক্ষত পাওয়া যায়।
বাস টার্মিনালের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।
ঘটনার সময়ের আশপাশে ক্যামেরাটির অডিও রেকর্ডিংয়ে দুটি গুলির শব্দ ধরা পড়েছে। এ ছাড়া, কয়েকটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যান টার্মিনালে ঢুকতে ও বের হতে দেখা গেছে।
পুলিশ জানায়, ঘটনার সময় বাস কাউন্টারের ভেতরে দুজন যাত্রী ছিলেন। হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তদন্তকারীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।