ছোটবেলা থেকে শারদীয় দুর্গাপূজার সময় সাঁওতালদের ঐতিহ্যবাহী ‘দাসাই নৃত্য’ দেখে আসছি। বাংলাদেশে যখন সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজার আনন্দ-উৎসবে মেতে ওঠেন, ঠিক সেই সময় উত্তরবঙ্গের সাঁওতালপল্লিতে একেবারে ভিন্ন আঙ্গিকের আনন্দ-উৎসব অনুষ্ঠিত হয়, যা দেশবাসী সেভাবে অবগত নয়।
দাসাই কোনো সাধারণ নাচ নয়, এটি একটি ঐতিহাসিক ‘যুদ্ধনৃত্য’। এই নাচের একটি চমৎকার নিয়ম রয়েছে। দাসাই দল প্রতিটি আদিবাসী পরিবারের দ্বারে দ্বারে গিয়ে সম্মান প্রদর্শন করে জিজ্ঞেস করে—‘বাসায় আপনারা আছেন?’ ভেতর থেকে উত্তর যদি হ্যাঁবাচক আসে, তখনই সেখানে শুরু করা হয় ‘দাসাই নাচ’। আর যদি ‘হ্যাঁ’ উত্তর না পাওয়া যায়, তবে দলটি নীরবে অন্য বাড়ির উদ্দেশে কামরু গুরুর গান করতে করতে চলে যায়। অত্যন্ত পরিতাপের বিষয়, সাম্প্রতিক সময়ে গ্রামগুলোতে দাসাই নাচের দল আসার সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। কালের বিবর্তনে কোনো একদিন হয়তো আমাদের এই লোকসংস্কৃতি থেকে হারিয়ে যাবে ঐতিহ্যবাহী দাসাই নৃত্য।
সাধারণত কানে কানপাশা, পায়ে আলতা-নূপুর এবং মাথায় ফেট্রি (এক ধরনের বিশেষ পাগড়ি) পরে সাঁওতাল পুরুষেরা এই ঐতিহ্যবাহী নাচে অংশ নেন। তাঁদের মাথায় ফেট্রিতে গোঁজা থাকে ময়ূরের চোখধাঁধানো পালক। দাসাই উৎসবের দিনগুলোতে গ্রামের বিভিন্ন রাস্তা ও বাজারে ঢোল, মাদল ও করতালের অদ্ভুত ছন্দে বিশেষ এই নৃত্য চলে। সাঁওতাল সম্প্রদায়ের বিশ্বাস, ছদ্মবেশে লুকিয়ে থাকা তাঁদের আরাধ্য ‘হুদুড় দুর্গা’কে খুঁজে বের করতেই যুগ যুগ ধরে এই নাচের আয়োজন হয়ে আসছে। এ বিষয়ে শতবর্ষী প্রবীণ সাঁওতাল ব্যক্তিত্ব লুৎথরু মাঝির কাছে জানেতে পারি, এই দাসাই নৃত্য সাঁওতাল জাতির বহু শতাব্দীর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে।