রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন।
ইন্টার্ন ডক্টরস সোসাইটি এক বিজ্ঞপ্তিতে জানায়, হাসপাতালের ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। এ ছাড়া রোগীর সঙ্গে অতিরিক্ত স্বজন ও দর্শনার্থীদের অবাধ প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের নিয়মিত দলবদ্ধ হামলা বা 'মব'-এর শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
সংগঠনের নেতারা জানান, ইতোমধ্যে একাধিক ইন্টার্ন চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোগীর স্বজনদের হুমকির মুখে এক নারী ইন্টার্ন চিকিৎসক সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হয়েছেন। এ ছাড়া পর্যবেক্ষণ কক্ষ ও জরুরি চিকিৎসা বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের।