চলতি বছরের আগস্টে দেশে ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯ কোটি টাকা, যা গত বছরের একই মাসের তুলনায় ৩০ দশমিক ০৩ শতাংশ বেশি।
২০২৫ সালের আগস্টে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ১৪৪ কোটি টাকা। তবে মাসভিত্তিক হিসাবে জুলাইয়ের তুলনায় আগস্টে লেনদেন কমেছে ৫ দশমিক ৪৪ শতাংশ। জুলাইয়ে ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৩২৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টে বাংলাদেশে ইস্যু করা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশে প্রায় ৯৮৭ কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশিরা। বিপরীতে, বিদেশে ইস্যু করা কার্ডের মাধ্যমে বাংলাদেশে লেনদেন হয়েছে প্রায় ২৪৯ কোটি টাকা। অর্থাৎ বিদেশি কার্ডধারীরা বাংলাদেশে যে পরিমাণ অর্থ খরচ করেছেন, তার প্রায় চার গুণ অর্থ বিদেশে খরচ করেছেন বাংলাদেশি কার্ডধারীরা।