ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে, তা ছিল বেশ দৃষ্টিকটু। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে বিন্দুমাত্র লড়াই জমাতে না পারা তাওহিদ হৃদয়দের হার মাঠে বসেই দেখেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেদিন ম্যাচ শেষে বোর্ডপ্রধানের সঙ্গে লম্বা আলোচনা হয় গোটা দলের। সেই আলোচনায় আসলে কী হয়েছে, তা নিজের মতো করে জানালেন ওপেনার তানজিদ হাসান তামিম।
জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে টেনেটুনে ১৭২ রান করা বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ মলিন। এমন হারের পর ফাইনালে ওঠার লড়াইয়েও পিছিয়ে যায় দল।
সেই ম্যাচ হারের পর বিসিবি সভাপতি তামিম ঘণ্টা দুয়েক ড্রেসিংরুমে দলের সঙ্গে বিশেষ সভা করেন। বোর্ডপ্রধানের পাশাপাশি ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বও নিজের কাছে রাখায় তামিম সরাসরি সম্পৃক্ত জাতীয় দলের সঙ্গে।