জাপানি বিনিয়োগের ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের সুযোগ হিসেবে কাজে লাগানো উচিত বলে মনে করেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।
জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ সফরে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগগুলো জাপানি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাময় উচ্চমূল্য সংযোজিত শিল্প খাতে যৌথ বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
সাক্ষাৎকারটি নিয়েছেন বিশেষ সংবাদদাতা ইব্রাহীম হুসাইন অভি।
ব্যবসা-বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রীর জাপান সফর থেকে বাংলাদেশের প্রত্যাশা কী হওয়া উচিত?
বাংলাদেশের প্রত্যাশার জায়গা থেকে প্রথমেই অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির বিষয়টি আসবে। এই চুক্তি বাস্তবায়নের জন্য দুই দেশের সরকারের উচ্চপর্যায় থেকে কিছু নির্দেশনা প্রয়োজন। চুক্তির পর কী অগ্রগতি হয়েছে, কোথায় আটকে আছে- এসব বিষয় পর্যালোচনা করতে হবে।