দাঙ্গা ঠেকাতে ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ
ফ্রান্সে বিক্ষোভ, দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে কারফিউ জারির ক্ষমতা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। সপ্তাহান্তে বিক্ষোভ ও সহিংসতায় প্রায় দুই হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
রাজধানী প্যারিসের মধ্যাঞ্চলে সোমবার (২০ অক্টোবর) রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত মানুষের চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিশেষ করে তরুণদের জন্য কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া দক্ষিণের লিওঁ এবং উত্তরের লিলসহ আরও কয়েকটি শহরের নির্দিষ্ট এলাকায় রাতের কারফিউ আরোপ করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী লেকর্নু স্থানীয় কর্তৃপক্ষকে এই ক্ষমতা দেওয়ার পরই বিভিন্ন শহরে বিধিনিষেধ কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, 'দাঙ্গাবাজ, চোর ও দুর্বৃত্তদের দ্বারা আমরা পরিচালিত হব না।'
গত মাসে স্কুলের পরিবেশ ও পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হয়। পরে তা বিস্তৃত হয়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বড় আকার ধারণ করে। শনিবার দেশজুড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। রবিবার শুধু প্যারিসেই তিন শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্তত পাঁচটি দোকানে লুটপাটের ঘটনা ঘটে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কারফিউ
- দাঙ্গা
- কারফিউ জারি