যে কাজের জন্য সমালোচনার মুখে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হলেন, সেটারই সাফাই গাইলেন ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। পরে সংবাদ সম্মেলনে এসে সে কথা জানিয়েছেন বিএনপির এই সংসদ সদস্য। সেই সংবাদ সম্মেলনেই অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পক্ষে বিভিন্ন কথা বললেন তিনি। পাশাপাশি ওই সংবাদ সম্মেলনে সিটি করপোরশন নির্বাচনসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরদিন গতকাল রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলেন। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের কথা জানান তিনি। ইশরাক হোসেন বলেন, ‘আজকের দিন থেকে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।’ প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনের শুরু থেকে ঘটনার দীর্ঘ বর্ণনা দিতে থাকেন ইশরাক হোসেন। বক্তব্যে নিজের অবস্থান সঠিক থাকার দাবিই বারবার তুলে ধরেন তিনি। পদত্যাগের বিষয়টি জানানোর পর ইশরাক হোসেন সাংবাদিকদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন নেন। এ সময় সাংবাদিকেরা তাঁকে নানা বিষয়ে জিজ্ঞেস করেন।