ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী—এ সংক্রান্ত একটি সংবাদ প্রচারিত হচ্ছে। তবে ইশরাকের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা দাবি করেছেন পদত্যাগের খবর অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। যদিও সরকারি সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনও (বিটিভি) প্রতিমন্ত্রীর পদত্যাগের খবর প্রচার করেছে।
বিভিন্ন মাধ্যমে সংবাদটি প্রকাশের পর আজ রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মাহফুজ কবির মুক্তা বলেন, ইশরাক হোসেনের ‘পদত্যাগ’ বা ‘তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে’ মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত সত্য এই যে, মাননীয় প্রতিমন্ত্রী তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, গতকাল নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে কেবল আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী ইতিপূর্বেই তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগ সংক্রান্ত যে কোনো খবর ছড়ানো সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। আমরা সংশ্লিষ্ট সকল গণমাধ্যম ও দেশবাসীকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
- ট্যাগ:
- রাজনীতি
- পদত্যাগ
- ইশরাক হোসেন
- মন্ত্রিপরিষদ