দুর্গাপূজার সময় বানিয়ে ফেলুন কোলিওয়াড়া চিংড়ি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২০:০৩

দুর্গাপূজার দুপুরে জমিয়ে খাওয়াদাওয়া করতে চাইলে পাতে রাখতে পারেন মুচমুচে কোলিওয়াড়া চিংড়ি। চিংড়ির মালাইকারি কিংবা কাটলেট তো অনেক খেয়েছেন, এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মসলাদার এই পদ। বাইরের আবরণ হবে মুচমুচে, আর ভেতরের চিংড়ি থাকবে রসালো। উৎসবের দুপুরে গরম ভাতের সঙ্গে কিংবা বিকেলের আড্ডায় সসের সঙ্গে পরিবেশন করতে পারেন এই সুস্বাদু পদ।


আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কোলিওয়াড়া চিংড়ি কীভাবে বানাবেন-


উপকরণ



  • মাঝারি আকারের চিংড়ি আধা কেজি

  • চালের গুঁড়া ২ কাপ

  • মরিচ গুঁড়া ১ চা চামচ

  • গরম মসলা গুঁড়া ২ টেবিল চামচ

  • আদা বাটা ১ টেবিল চামচ

  • রসুন বাটা ১ টেবিল চামচ

  • ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

  • লেবুর রস ১টি লেবুর

  • লবণ স্বাদমতো

  • তেল পরিমাণমতো


প্রস্তুত প্রণালি


প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে নিন। চাইলে লেজ রেখে দিতে পারেন। চিংড়ির পিঠের কালো শিরা বের করে ভালো করে ধুয়ে নিন। এরপর পেপার টাওয়েল দিয়ে চিংড়িগুলো শুকিয়ে নিন। এতে মসলা ভালোভাবে মাখানো যাবে। এবার একটি বড় পাত্রে লাল মরিচ গুঁড়া, গরম মসলা, লবণ, কুচি করা ধনেপাতা, আদা বাটা ও রসুন বাটা নিন।


এর সঙ্গে লেবুর রস দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। ঝালের পরিমাণ নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার পরিষ্কার চিংড়িগুলো মসলার মিশ্রণে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। প্রতিটি চিংড়ির গায়ে যেন সমানভাবে মসলা লাগে, সেদিকে খেয়াল রাখুন। এরপর আলাদা পাত্রে রাখা চালের গুঁড়ায় চিংড়িগুলো ভালোভাবে মাখিয়ে নিন।


কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হয়ে এলে আঁচ মাঝারি করে অল্প অল্প করে চিংড়িগুলো ছেড়ে দিন। প্রতিটি চিংড়ি প্রায় ৩-৪ মিনিট ভাজুন, যতক্ষণ না বাইরের অংশ সোনালি ও মুচমুচে হয়ে আসে এবং ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হয়। তবে বেশি সময় ধরে ভাজবেন না, এতে চিংড়ি শক্ত হয়ে যেতে পারে।


চিংড়িগুলো সোনালি ও মুচমুচে হয়ে এলে তেল ঝরিয়ে তুলে নিন। তৈরি হয়ে গেলে গরম গরম কোলিওয়াড়া চিংড়ি পছন্দের চাটনি দিয়ে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও