এক বছরের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আর দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ব্যাটার সোবহানা মোস্তারি।
রোববার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। অধিনায়ক হিসেবে নাহিদা স্থলাভিষিক্ত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা জ্যোতির।
আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ইমার্জিং নেশন্স ট্রফি দিয়ে অধিনায়ক হিসেবে নিজের মেয়াদ শুরু করবেন ২৫ বছর বয়সী নাহিদা। বিসিবি এই প্রসঙ্গে পরিচালক রফিকুল বলেন, ‘সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই আমরা নাহিদাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা হবে সহ-অধিনায়ক।’
‘নাহিদাকে এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর ২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পরিস্থিতি মূল্যায়ন করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব,’ যোগ করেন তিনি।
এর আগে জ্যোতি টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলে বিস্মিত হয়েছিল বিসিবি। জানা গেছে, তিনি অনুভব করেছিলেন যে তার নেতৃত্বকে অন্যায্যভাবে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। যদিও বিসিবি জানিয়েছিল, তাদের অধিনায়ক বদলানোর কোনো ইচ্ছা ছিল না।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি
- নতুন অধিনায়ক
- নাহিদা আখতার