মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাক চাপায় নিহত ১২
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে তীর্থযাত্রীদের ওপর ট্রাক উঠে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন।
এনডিটিভি লিখেছে, শনিবার গভীর রাতে এ দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। ধানবোঝাই ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে ছিনোরের দিক থেকে আসা ট্রাকটি ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা একটি খাড়া ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারায়।
পুলিশ সুপার বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা, বিপুলসংখ্যক তীর্থযাত্রী শীতলা মাতা মন্দিরে যাচ্ছিলেন। ছিনোরের দিক থেকে আসা সড়কটিতে একটি খাড়া ঢাল রয়েছে, যেখানে ভারী যান চলাচল নিষিদ্ধ। রাত দেড়টার দিকে ধানবোঝাই একটি ট্রাককে সেখানে থামানো হয়েছিল।
“সেটি পুলিশের ব্যারিকেড ভেঙে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে আসে এবং মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়। সড়কে থাকা ভক্তরা ট্রাকটির নিচে চাপা পড়েন, যার ফলে এ দুর্ঘটনা ঘটে।”
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ট্রাক চাপায় নিহত