ধারাবাহিকে ফিরলেন রিচি সোলায়মান
একসময় টিভি নাটকের নিয়মিত মুখ ছিলেন রিচি সোলায়মান। মাঝে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করায় অভিনয়ে হয়ে পড়েছিলেন অনিয়মিত। কয়েক বছর ধরে দেশেই থাকছেন রিচি। ফলে টিভি পর্দায়ও বেড়েছে তাঁর উপস্থিতি। রিচি এবার নাম লেখালেন নতুন দীর্ঘ ধারাবাহিক নাটকে। নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘এআই জুনিয়র’ নাটকে দেখা যাবে তাঁকে।
এ বছরের শুরুতে ‘অপূর্ণতা’ নামের সাত পর্বের মিনি সিরিজে অভিনয় করলেও অনেক বছর পর এআই জুনিয়র দিয়ে দীর্ঘ ধারাবাহিকে ফিরলেন রিচি। ইতিমধ্যে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং। তবে চ্যানেল কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকায় এখনই বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেন না অভিনেত্রী। তিনি বলেন, ‘এআই জুনিয়র ধারাবাহিকে অভিনয় করছি, এটি সত্যি। এর বেশি এখন কিছু বলা যাবে না। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণার পর বিস্তারিত বলব।’
জানা গেছে, শিগগিরই দীপ্ত টিভিতে শুরু হবে এআই জুনিয়রের প্রচার। ২৫ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে ধারাবাহিকটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এটি লিখেছেন আহমেদ খান হিরক। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন রওনক হাসান, জিনাত শানু স্বাগতা, নরেশ ভূঁইয়া, সুজাত শিমুল, শিশুশিল্পী রাই রাজন্যা প্রমুখ।
এদিকে এ বছরেই মুক্তির কথা রয়েছে রিচি সোলায়মান অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রবি ইন ঢাকা’। তিন দশকের অভিনয় ক্যারিয়ারে এটি রিচির প্রথম সিনেমা। সমকালীন গল্পের এ সিনেমা পরিচালনা করেছেন রাজীব সালেহীন। শুটিং শেষে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এতে আরও আছেন ইমতিয়াজ বর্ষণ।
- ট্যাগ:
- বিনোদন
- ধারাবাহিক নাটক
- রিচি সোলায়মান