ঢাকায় চলছে ‘স্ট্রিট ফাইটার’
‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’ সিনেমাগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় পর্দায় মুক্তি পেয়েছে ক্যাপকমের দর্শকপ্রিয় হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট গেইম সিনেমা ‘স্ট্রিট ফাইটার’।
আন্তর্জাতিকভাবে মুক্তির দিন থেকেই শুক্রবার দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে মুক্তি চলছে ‘স্ট্রিট ফাইটার’।
বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “শুক্রবার থেকে ঢাকা ও ঢাকার বাইরের স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে সিনেমাটি প্রদর্শন শুরু হয়েছে। গেইমপ্রেমী ও তরুণ দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, টিকেটের চাহিদা বাড়াবে বলে আশা করছি।”
১৯৯৪ সালে কাইলি মিনোগ ও জঁ-ক্লদ ভ্যান ড্যাম অভিনীত সংস্করণের দীর্ঘ দিন পর নতুন এই চলচ্চিত্রটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে পর্দায় উপস্থাপন করা হচ্ছে।
এতে নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজির পাশাপাশি সবুজ চামড়ার আইকনিক চরিত্র ‘ব্ল্যাঙ্কা’ রূপে দেখা যাচ্ছে জেসন মোমোয়াকে।
‘ব্যাড ট্রিপ’ খ্যাত কিতাও সাকুরাইয়ের পরিচালনায় এতে অ্যাকশনের পাশাপাশি বেশ কিছুটা পরাবাস্তব ও হাস্যরসের উপাদানও রয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- প্রেক্ষাগৃহে চলচ্চিত্র