তাসকিনের আগুনে বোলিংয়ে কাঁপছে জিম্বাবুয়ে
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে রীতিমত কাঁপছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমেই দারুণ বিপদে পড়েছে তারা। প্রথম ওভারের শেষ বলে ওপেনার ব্রায়ান বেনেটের উইকেট হারাতে হয়। তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে লেগ বিফোর উইকেট (এলবিডব্লিউ) হয়ে আউট হয়ে যান বেনেট। এ সময় স্কোরবোর্ডে কোনো রানই যোগ করতে পারেনি জিম্বাবুইয়ানরা।
দ্বিতীয় ওপেনার বেন কারানের উইকেটও তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। এবার ৫ম ওভারের প্রথম বলে জিম্বাবুয়ের অপর ওপেনারের উইকেট নেন তানসিকন আহমেদ। এ সময় জিম্বাবুয়ের রান ছিল ১৭।
এরপর ২৪ রানের মাথায় তৃতীয় উইকেটেরও পতন ঘটান তাসকিন আহমেদ। অভিষিক্ত ব্যাটার তেফাদজাওয়া টিসিগাকে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ১৫ বলে ১৬ রান করেন তেফাদজাওয়া।
এ রিপোর্ট লেখার সময় জিম্বাবুয়ের রান ১২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৭। ১৮ রান নিয়ে ব্যাট করছেন ব্রেন্ডন টেলর, ৭ রান নিয়ে রয়েছেন ক্রেইগ আরভিন।