জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে
ভিডিও গেমের জগতে বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) আগামী ১৯ নভেম্বর মুক্তি পাবে। গেমটির নতুন ট্রেলারে মুক্তির তারিখ নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। এতে গেমের দুই প্রধান চরিত্র জেসন ও লুসিয়ার অভিযানের আরও কিছু দৃশ্য দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, গেমটি তৈরিতে ব্যয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে দুই দফায় গেমটির মুক্তির তারিখ পিছিয়েছে। প্রথমে ২০২৫ সালের শরৎকালে এবং পরে ২০২৬ সালের মে মাসে এটি মুক্তির পরিকল্পনা ছিল। রকস্টার জানিয়েছিল, গেমটি প্রত্যাশিত মানে তৈরি করতে আরও সময় প্রয়োজন।
জিটিএ সিরিজের ষষ্ঠ মূল কিস্তি পাওয়া যাবে প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস-এর জন্য। তবে কম্পিউটারে (পিসি) কবে গেমটি আসবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। নিনটেনডো সুইচ ২-এ গেমটি আসবে কি না, সেটিও অনিশ্চিত।
যুক্তরাষ্ট্রে গেমটির সাধারণ সংস্করণের দাম ৭৯.৯৯ ডলার। যুক্তরাজ্যে দাম ৬৯.৯৯ পাউন্ড। অতিরিক্ত গাড়ি ও অস্ত্রসহ আলটিমেট সংস্করণের দাম যুক্তরাষ্ট্রে ৯৯.৯৯ ডলার এবং যুক্তরাজ্যে ৮৯.৯৯ পাউন্ড। আগাম কেনা গেমটি ১২ নভেম্বর থেকে কনসোলে ডাউনলোডের জন্য প্রস্তুত করা যাবে। তবে ফিজিক্যাল সংস্করণের বাক্সে ডিস্কের বদলে থাকবে ডিজিটাল ডাউনলোড কোড।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভিডিও গেম
- ট্রেলার মুক্তি