গাড়ির মধ্যে যৌন সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, হানি সিংকে জিজ্ঞাসাবাদ
ভারতের সংগীতশিল্পী হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্রের সাইবার পুলিশ। দিল্লির এক কনসার্টে অশালীন মন্তব্য করার অভিযোগে গতকাল শুক্রবার তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হন ৪৩ বছর বয়সী এই গায়ক। এর আগে তিনবার তলব করা হলেও তিনি হাজির হননি। চতুর্থবার তলবের পর তাঁর বক্তব্য রেকর্ড করা হয়।
২০২৬ সালের জানুয়ারিতে দিল্লির ওই কনসার্টে হানি সিংয়ের কথিত অশালীন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, গাড়ির মধ্যে যৌন সম্পর্ক নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। পরে মুম্বাইয়ের এক বাসিন্দা সাইবার পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।
তলব এড়ানো নিয়ে পুলিশের সতর্কতা
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগে তিনবার তলব করা হলেও বিদেশে থাকার কারণ দেখিয়ে হাজির হননি হানি সিং। সর্বশেষ ১৬ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি ২২ অক্টোবর হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলেন। তবে পুলিশ সেই আবেদন নাকচ করে দেয়। হাজির না হলে তাঁর বিরুদ্ধে দেশত্যাগে বাধা দেওয়ার সতর্কতামূলক নোটিশ জারির প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই হাজির হন গায়ক। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাব না দিয়েই চলে যান তিনি।
ক্ষমা চেয়েছিলেন হানি সিং
ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে হানি সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চান। তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে এমন ভাষা ব্যবহার করেছিলেন, যা অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে—এমন ব্যাখ্যা দেন তিনি। নিজের বক্তব্য প্রকাশের ধরন যে যথাযথ ছিল না, তা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না বলেও জানান এই গায়ক।
- ট্যাগ:
- বিনোদন
- যৌন সম্পর্ক
- হানি সিং