স্থানীয় সরকার নির্বাচনে ভোটার স্থানান্তর করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁরাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। আগামী ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) এ–সংক্রান্ত দুটি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইতিমধ্যে আগামী ২৭ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে ইসি। নির্বাচনের নির্দিষ্ট সময় আগে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে ভোটার এলাকা গুরুত্বপূর্ণ। কারণ, কোনো ব্যক্তি কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে প্রার্থী হতে হলে তাঁকে ওই এলাকার ভোটার হতে হয়।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের জন্য যোগ্যতা অর্জনের তারিখ ৩১ অক্টোবর ২০২৬ নির্ধারণ করেছে ইসি। এ পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম এমন ব্যক্তিদের মধ্যে যাঁরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে ইসির ডেটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁদের ভোটার তালিকাভুক্ত করা হবে।