দুর্গাপূজার উৎসব সাম্প্রদায়িক ভেদরেখা অতিক্রম করে ভ্রাতৃত্ববোধ জাগায়
মানুষের ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও দুর্গোৎসবের আনন্দ সবাইকে এক করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যে কোনো উৎসব সাম্প্রদায়িক ভেদরেখা অতিক্রম করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। প্রতিটি উৎসবই মানুষকে বিভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলিত হতে এবং ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হতে শেখায়। এটাই উৎসবের মর্মবাণী, এটাই উৎসবের মূলমন্ত্র।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে মিরপুরে কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
শৈশবের স্মৃতিচারণ করে রিজভী বলেন, কার্তিকের নবান্নের দেশে দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের পূজা হয়ে থাকে না; এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়। মানুষের ধর্মীয় পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু উৎসবের আনন্দ সবাইকে এক করে।
তিনি বলেন, আমার এখনো মনে আছে, ছোটবেলায় আমাদের বাড়ির পাশে দুর্গাপূজার মেলা হতো। সেই মেলাকে ঘিরে কত আনন্দ, কত রঙিন বেলুন, খেলনা পিস্তল, কত ধরনের মিষ্টান্ন! সেই আনন্দের জন্য প্রতিবছর এই সময়টার অপেক্ষা করতাম-কবে আসবে দুর্গাপূজা।