ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ
যুগান্তর
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১৩:০৭
ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। এ ছাড়া জ্বালানি অবকাঠামোতে হামলার কারণে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলার পর স্থানীয় কর্মকর্তারা হতাহত ও ক্ষয়ক্ষতির এ তথ্য জানান। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া ১০ লাখেরও বেশি মানুষের সংযোগ পরে আবার চালু করা হয়েছে। তবে এখনো কত মানুষ বিদ্যুৎহীন রয়েছেন, তা স্পষ্ট নয়।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিনটি জেলায় রুশ হামলায় ৭১ বছর বয়সি এক নারী ও ৫৮ বছর বয়সি এক পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ এ তথ্য জানিয়েছেন। এর আগে তিনি নিহতের সংখ্যা তিন বলে জানিয়েছিলেন।