নিত্যপণ্যের বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম
নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে এবার চালের দামও বেড়েছে। গত এক সপ্তাহে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে এক থেকে দুই টাকা পর্যন্ত। এতে জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপে থাকা দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে।
গত দুই দিনে রাজধানীর মিরপুর-১, মিরপুর-১১, কাজীপাড়া, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর ও কারওয়ান বাজারের ছয়টি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চালের দাম ১ থেকে দেড় টাকা বেড়েছে।
তেজকুনিপাড়ার বাসিন্দা মমতাজ বেগম প্রায় ৩০ জনের জন্য দুপুর ও রাতের খাবার সরবরাহ করেন। তার গ্রাহকদের বেশির ভাগই দিনমজুর, যারা বেশি পরিমাণে ভাত খান। প্রত্যেকের কাছ থেকে দুই বেলার খাবারের জন্য ১৫০ টাকা নেন তিনি।
মমতাজ বলেন, ‘কেজিতে এক থেকে দুই টাকা দাম বাড়াকে খুব বেশি মনে না হলেও আমাদের ভয় হচ্ছে, সামনে দাম আরও বাড়বে। এমনিতেই প্রতিদিনের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে।’
তিনি বলেন, খাবারের দাম বাড়ালে গ্রাহক হারানোর আশঙ্কা রয়েছে। সাড়ে চার মাস আগে খাবারের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করেছিলেন।
নিত্যপণ্যের দাম, এলপিজি ও বিদ্যুতের বিল বাড়ায় মমতাজের আয় কমেছে, বিপরীতে বেড়েছে ঋণ।
তিনি আরও বলেন, ‘চালের দাম এভাবে বাড়তে থাকলে ব্যবসা ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। কেজিতে এক টাকা দাম বাড়ায় মাসে আমার খরচই বেড়েছে ৩৬০ টাকা।’