অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে কর্মসূচি বন্ধে পুলিশের নোটিশ, তিনি বললেন, ‘চাইলে আমাকে ফাঁসি দিন’
তবে কি ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকের শঙ্কাই সত্যি হতে চলেছে? দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা তুলতে যাওয়ার আগেই তাঁকে গ্রেপ্তার করা হবে?
এমন মনে করার কারণ আজ শুক্রবার দুপুরে হঠাৎই দিল্লি পুলিশের তৎপরতা। একদল পুলিশসদস্য দিল্লির ঝান্ডেওয়ালায় যে বাড়িতে দিপকে রয়েছেন সেখানে প্রবেশ করে। তার পর একজন পুলিশ কর্মকর্তা বাড়ির ভেতরে গেছেন।
আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে এই সংক্রান্ত ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লি পুলিশের একদল সদস্য একটি বাড়িতে ঢুকছেন। সেই দলে পুরুষ ও নারী পুলিশ সদস্যরা আছেন। ছবিতে দেখা যাচ্ছে, বসার ঘরে অভিজিৎ দিপকের মুখোমুখি সোফায় বসে একজন পুলিশ সদস্য। তাঁর হাতে কিছু কাগজপত্র।
ওই ছবিসহ প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, দিল্লি পুলিশ দিপকের বাড়ি গিয়ে তাঁকে সেন্ট্রাল পার্কে না যাওয়ার নোটিশ দিচ্ছে। দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালায় যে বাড়িতে দিপকে উঠেছেন, তা মহারাষ্ট্রের এনসিপি (শারদ পাওয়ার) দলের নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের। সেখানে গিয়ে তাঁকে বলা হচ্ছে, আজ শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা তোলার যে কর্মসূচি তিনি নিয়েছেন তা যেন বাতিল করা হয়। পুলিশ জানায়, গোটা কনট প্লেস এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি হয়েছে। তিনি যেন আইন মেনে শান্তি শৃঙ্খলারক্ষায় সাহায্য করেন। দিপকে সেই নোটিশ দেখেছেন, কিন্তু কর্মসূচি বাতিলে রাজি হননি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গ্রেপ্তার