অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ: ফাইনালে লড়াই করেই হারল বাংলাদেশ
১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যর্থতা এবং মন্থর রানরেটের কারণে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ রান দল। তবে দলনেতা সাদিয়া ইসলাম এবং সাদিয়া আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় টাইগ্রেসরা। কিন্তু শেষ পর্যন্ত জেতা হয়নি বাংলাদেশের।
অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে লঙ্কানরা। জবাবে বাংলাদেশ তোলে ১৫৪ রান।
রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনারের কেউই রানের খাতা খুলতে পারেননি। শূন্য রানে আউট হওয়ার আগে মাইমুনা নাহের ২ বল ও আচেনা জান্নাত ৭ বল খেলেন। সুবিধা করতে পারেননি শিরিনা খাতুনও। ৭ বলে ৬ রান করেন তিনি।
চতুর্থ উইকেট জুটিতে নিশিতা আক্তার নিশিকে নিয়ে চাপ সামলে নিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন দলনেতা সাদিয়া ইসলাম। এরপর সাদিয়া আক্তারের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছেও যায় বাঘিনীরা। কিন্তু কাঙ্ক্ষিত জয় আর পাওয়া হয়নি। দলের সর্বোচ্চ ৫৯ রানের ইনিংসটি খেলেন সাদিয়া ইসলাম। মাত্র ৩৫ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি চার ও একটি ছয়ে সাজানো।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশের হার
- ত্রিদেশীয় সিরিজ