মেসিবিহীন আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে

ডেইলি স্টার প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৪

দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার আক্রমণের প্রাণভোমরা ছিলেন লিওনেল মেসি। মাঠে তার উপস্থিতিই ছিল সতীর্থদের সবচেয়ে বড় ভরসা। সেই মেসি এখন আন্তর্জাতিক ফুটবলের অতীত। বেনিনের বিপক্ষে আবেগঘন বিদায়ের পর তাই নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আর মেসিকে ছাড়া সেই নতুন পথচলার শুরুতেই কঠিন পরীক্ষার সামনে পড়তে পারে লিওনেল স্কালোনির দল। আগামী মাসের প্রীতি ম্যাচে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে।


নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এরই মধ্যে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, উরুগুয়ের বিপক্ষে একটি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে এএফএ। সবকিছু ঠিক থাকলে বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে মুখোমুখি হতে পারে দুই প্রতিবেশী দেশ।


পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এটি হবে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। তার আগে দেশের অন্য কোনো শহরে প্রথম প্রীতি ম্যাচটি আয়োজন করতে চায় এএফএ। সেই ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় রয়েছে কোস্টারিকা।


তবে দুটি ম্যাচের কোনোটিই এখনও চূড়ান্ত হয়নি। প্রতিপক্ষ, ভেন্যু ও সূচি নিয়ে আলোচনা চলছে। আগামী ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে বছরের শেষ ফিফা আন্তর্জাতিক বিরতি। এই সময়ের মধ্যেই দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আর্জেন্টিনার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও