দীর্ঘ জীবনের সূত্র মিলেছে ১৯৪ বছর বয়সী কচ্ছপ জনাথনের শরীরে
মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা ও ডিএনএ মেরামতের বিশেষ ক্ষমতাই কি দীর্ঘায়ুর রহস্য? জনাথন নামের বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণীকে নিয়ে গবেষণায় মিলেছে এমনই চমকপ্রদ ইঙ্গিত।
বিশ্বের সবচেয়ে বয়স্ক পরিচিত স্থলচর প্রাণী জনাথন। সেশেলসের অ্যালডাবরা জায়ান্ট কচ্ছপ প্রজাতির এই প্রাণীটির বয়স আনুমানিক ১৯৪ বছর। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ নিয়ন্ত্রিত সেন্ট হেলেনা দ্বীপে বসবাসকারী এই কচ্ছপের জিনোম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দীর্ঘায়ুর সম্ভাব্য কিছু রহস্য উন্মোচন করেছেন। তাঁদের ধারণা, জোনাথনের শরীরে ডিএনএ মেরামতের বিশেষ ব্যবস্থা এবং মাইটোকন্ড্রিয়ার কার্যকর ভূমিকা বার্ধক্যের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সহায়তা করতে পারে।
গবেষণায় দেখা গেছে, জোনাথনের জিনোমের মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতাসংশ্লিষ্ট কিছু অংশ মাত্র পাঁচ বছর বয়সী একটি অ্যালডাবরা জায়ান্ট কচ্ছপের মতো কার্যকর। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদনকেন্দ্র বলা হয়। বিজ্ঞানীদের ধারণা, মাইটোকন্ড্রিয়া থেকে পর্যাপ্ত শক্তি পাওয়ার ফলে জোনাথনের শরীরের ডিএনএ মেরামতব্যবস্থা দীর্ঘদিন ধরে কার্যকর থাকতে পারে। এর ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কিছু ক্ষতি মোকাবিলা করা সম্ভব হচ্ছে।