খামারবাড়িতে দরপত্র না পেয়ে প্রকল্প পরিচালককে ‘থাপ্পড় মারার হুমকি’
সরকারি দরপত্রের কাজ দিতে আপত্তি জানালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এক প্রকল্প পরিচালককে (পিডি) হেনস্থা ও ‘থাপ্পড় মেরে শিক্ষা দেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
গতকাল বুধবার রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কার্যালয়ে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, একটি ইলেকট্রনিক দরপত্র নিজেদের অনুকূলে দেওয়ার জন্য ওই ব্যক্তি ও তাঁর সঙ্গে আসা আরেক ব্যক্তি চাপ দেন। নিয়ম অনুযায়ী দরপত্রে অংশ নিয়ে কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হলে কাজ পাওয়ার সুযোগ রয়েছে বলে জানালেও তাঁরা তা মানতে রাজি হননি।
মোস্তফা কামাল বলেন, ‘ওই ব্যক্তি জোর করে দরপত্র নিতে চাইছিলেন। তাঁর কথা ছিল, তাঁকে দরপত্র দিতে হবে। না দিলে থাপ্পড় মারবেন, শিক্ষা দেবেন—এ ধরনের কথা বলছিলেন।’