ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবাদ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের কোনো সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে এনসিপি তার প্রতিবাদ করবে। এ ধরনের ঘটনা সামনে এলে সংসদে ও রাজপথে কথা বলবে দলটি।
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদ্যাপনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে। পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। আমরা এমন একটি দিন চাই, যেদিন নিরাপত্তা নিয়ে আমাদের আলাদাভাবে ভাবতে হবে না। আশঙ্কামুক্ত পরিবেশে বাংলাদেশের সব ধর্মের মানুষ তাঁদের ধর্মীয় উৎসব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’