রজনীকান্তের পোস্টারে দুধ ঢেলে ভক্তদের পূজা
যুগান্তর
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৮
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। সিনেমাটি মুক্তি উপলক্ষে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন প্রেক্ষাগৃহের বাইরে শুরু হয়েছে উৎসবের আমেজ। কোথাও প্রিয় তারকার বিশাল পোস্টারে দুধ ঢালছেন ভক্তরা, আবার কোথাও ‘থালাইভা’ স্লোগান দিয়ে আরতি করে উদ্যাপনে মেতেছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। চেন্নাইয়ের কোয়াম্বেদু এলাকার রোহিণী থিয়েটারের বাইরে রজনীকান্তের বিশাল পোস্টারে দুধ ঢালতে দেখা যায় ভক্তদের। এ সময় ‘থালাইভা’ স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রিয় তারকার সিনেমা মুক্তিকে কেন্দ্র করে ভক্তদের এমন আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।