গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার
বিদ্যুৎ খাতের ভর্তুকির চাপ কমাতে নতুন নীতি গ্রহণ করেছে সরকার। নতুন এই নীতিমালা অনুযায়ী, এখন থেকে গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ ক্রয়ের জন্য আর কোনো নতুন চুক্তি করবে না সরকার। একই সঙ্গে, গড় ট্যারিফের চেয়ে বেশি দর নির্ধারিত রয়েছে—এমন বিদ্যুৎ ক্রয়চুক্তির মেয়াদও আর বাড়ানো হবে না।
গত ৬ অক্টোবর অর্থ বিভাগকে পাঠানো এক চিঠিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ কেনা ও বিক্রির দামের মধ্যকার ব্যবধানের কারণে তৈরি হওয়া আর্থিক চাপ কমাতেই এই নীতি গ্রহণ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তিন বছরের সংস্কার রোডম্যাপের অধিকাংশ সুপারিশ বাস্তবায়নে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এরই মধ্যে কৃষি ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ইঙ্গিত মিলেছে যে, সারের দামের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ ধীরে ধীরে তুলে নিয়ে বাজারভিত্তিক দাম নির্ধারণের বিশ্বব্যাংকের সুপারিশ নিয়েও গুরুত্বের সঙ্গে ভাবছে সরকার।