নিজেকে রক্ষার জন্য অপরাধটা কি আমাদেরই হলো, প্রশ্ন সেই তরুণীর
রাজধানীর ধানমন্ডি এলাকায় শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগকারী তরুণী (২৩) বলেছেন, ঘটনাস্থলে থাকা পুলিশ তাঁকে কোনো সাহায্য করেনি। তাই তিনি নিজেকে রক্ষায় তাঁর এক স্বজনকে ডাকতে বাধ্য হয়েছিলেন। যাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তাঁর গায়ে হাত তোলায় স্বজনকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তরুণীর প্রশ্ন, ‘তাহলে নিজেকে রক্ষা করার জন্য অপরাধটা কি আমাদেরই হলো?’
গতকাল বুধবার রাতে প্রথম আলোকে পাঠানো এক লিখিত বার্তায় তরুণী এ কথা বলেন। একই বক্তব্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বলে জানিয়েছেন।
ধানমন্ডি এলাকার ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই তরুণীর স্বজন খালিদ হাসানকে (৩৫) গতকাল দুপুরে আটক করে পুলিশ। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত।
শ্লীলতাহানির অভিযোগে গত সোমবার দুপুরে ধানমন্ডির সাতমসজিদ রোডের বেসরকারি বাংলাদেশ আই হসপিটালের উল্টো দিকে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামের ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করান খালিদ। একপর্যায়ে শহীদ আবদুল্লাহকে আটক করে ধানমন্ডি থানা–পুলিশ। পরে তাঁকে এক মাসের কারাদণ্ড দেন ঢাকা মহানগর পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।