গ্রাহকের আমানত ফেরত দিতে ৭ হাজার কোটি টাকা ধার পেল ন্যাশনাল ব্যাংক
গ্রাহকের আমানত ফেরত দিতে সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান গতকাল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তিন মাস মেয়াদি এই ধার বা ঋণের বিপরীতে শতভাগ নিশ্চয়তা (গ্যারান্টি) দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তিনি আরও জানান, ১০ শতাংশ সুদে এই ঋণ দেওয়া হয়েছে এবং এরইমধ্যে লেনদেন সম্পন্ন হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক যেহেতু গ্যারান্টি দিচ্ছে, তাই আমাদের কোনো ঝুঁকি নেই। যদি ন্যাশনাল ব্যাংক নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ ব্যাংকই আমাদের টাকা ফেরত দেবে।’
শওকত আলী আশা প্রকাশ করেন, এই অর্থ ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের মধ্যে আস্থা ফেরাতে সহায়তা করবে।
তিনি বলেন, ‘ন্যাশনাল ব্যাংককে এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এটি যেন সঠিক কাজেই ব্যয় হয়, তা জরুরি।’