‘বলল, ওপরের খুব চাপ...এই ওপরের চাপ কোন চাপ’
‘আমরা বলেছিলাম যে আমি ৩ লাখ ৭৫ হাজার ভোটারের এমপি। আমার একজন প্রতিনিধি রাখেন, একজন পেশাদার ব্যবসায়ী রাখেন, সরকারদলীয় একজন রাখেন। উনি আমার কথা রাখলেন না। উনি রাখলেন তার কথা...। সর্বশেষ বলল, ওপরের খুব চাপ। কমিটিতে রাখা যাবে না। এই ওপরের চাপ কোন চাপ? উনি ওই চেয়ার থেকে বলতে পারেন কি না জানি না। কারণ, এই আসনের আমি এমপি।’
রংপুরের গঙ্গাচড়ায় সার ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে কথাগুলো বলেছেন রংপুর–১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রায়হান সিরাজী। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্দেশে তিনি এ কথাগুলো বলেন।
গতকাল সোমবার বিকেলে উপজেলা চত্বরে সাংবাদিকদের কাছে সংসদ সদস্য রায়হান সিরাজী এ কথা বলেন। তাঁর এই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়।
এই সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, ডিলার নিয়োগের যাচাই–বাছাই কমিটিতে ইউএনও কর্তৃক তিনজন মনোনীত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি ছিল আট সদস্যের। এই কমিটি সার ডিলারের আবেদন যাচাই–বাছাইয়ের পরে ইউনিয়নপ্রতি তিনজনের নাম জেলায় পাঠিয়েছে।