নিরাপত্তা শঙ্কায় এক ঘণ্টা দেরিতে ম্যাচ, রোনালদোর গোলে আল-নাসরের জয়
ম্যাচ শুরুর মাত্র ১৫ মিনিট আগে হঠাৎ নিরাপত্তা সতর্কতা। এরপর প্রায় এক ঘণ্টার অপেক্ষা। তবে মাঠের বাইরের অনিশ্চয়তা আল-নাসরের ছন্দে প্রভাব ফেলতে পারেনি। ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে উজবেকিস্তানের নেফতচিকে ৩-১ গোলে হারিয়েছে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়নরা।
সোমবার রিয়াদে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ম্যাচটি। সাম্প্রতিক সময়ে ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের রাজধানী। এর মধ্যেই ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে নিরাপত্তা সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স। ফলে প্রায় এক ঘণ্টা পিছিয়ে যায় কিক-অফ।
বিলম্বের ধাক্কা সামলে মাঠে নেমে শুরু থেকেই নিজেদের গুছিয়ে নেয় অ্যাঞ্জে পোস্তেকোগলুর দল। ৩৩ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে জালে জড়ানো শটে আল-নাসরকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
দ্বিতীয় গোলটির শুরু সাদিও মানের পা থেকে। বাঁ প্রান্ত দিয়ে তার উঁচু করে বাড়ানো ক্রস বুক দিয়ে রোনালদোর দিকে নামিয়ে দেন আইমান ইয়াহিয়া। বল পেয়েই ঘুরে নিচু শটে জালের কোণা খুঁজে নেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা।