শরীরের কাঠামো গঠন ও চলাফেরায় হাড়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বয়স বাড়ার সঙ্গে হাড়ের ঘনত্ব কমে দুর্বল হয়ে পড়তে পারে। বিশেষ করে নারীদের মেনোপজের পর হরমোনের পরিবর্তনের কারণে অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে। তাই হাড়ের সুস্থতা বজায় রাখতে প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাবার। ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিনসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমৃদ্ধ খাবার হাড় মজবুত রাখতে সাহায্য করে।
দুধ ও দুগ্ধজাত খাবার
হাড় মজবুত রাখতে দুধ, দই ও পনির উপকারী। দুধ ক্যালসিয়ামের ভালো উৎস। হাড়ের গঠন ও ঘনত্ব বজায় রাখতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক গ্লাস দুধে প্রায় ৩০০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। পাশাপাশি দই ও পনিরে থাকা প্রোটিন হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।
ডিমের কুসুম
ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ডিমের কুসুমে ভিটামিন ডি থাকে, যা হাড়ের সুস্থতার জন্য প্রয়োজনীয়। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে খাবার থেকে পাওয়া ক্যালসিয়াম যথাযথভাবে শোষণ হতে পারে না। তাই সুষম খাদ্যতালিকায় ডিম রাখা উপকারী।