কালি লেপন ছবিতে নাকি জাতির ললাটে
জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী ঘিরে কর্মসূচি; ধানমন্ডি ৩২ নম্বরের সামনে মব সৃষ্টি করে রিকশাচালক, হকার, নারী, সাংবাদিকসহ নানাজনকে হেনস্তা-মারধর; রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়ার দাবি তুলে প্রতিপক্ষকে পুলিশে দেওয়াসহ নানা কারণে বারবার আলোচনা-সমালোচনায় আসছে একটি নাম—আ ন ম আয়াস।
এবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মুছতে যাওয়ার অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। রাষ্ট্র সংলাপ ফোরাম নামের নিজের একটি সংগঠনও আছে। ৫ অক্টোবর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের ছবি আঁকা হয়।
গত শনিবার দুপুরে সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মুছে ফেলার চেষ্টা করা হয়। এ অভিযোগে আয়াসসহ তিনজনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) নেওয়া হয় বলে পুলিশ জানায়। এক তরুণীকে দেখা যায় রবীন্দ্রনাথের ছবিতে কালি লাগিয়ে দিতে। আয়াস বা তাঁর সঙ্গের ওই তরুণীকে কে বোঝাবে যে রবীন্দ্রনাথ বা সত্যজিৎ রায়ের মতো মনীষীদের ছবিতে কালি লাগালে সেটি তো তাঁদের গায়ে লাগে না, লাগে জাতির ললাটে।
- ট্যাগ:
- মতামত
- গণ-অভ্যুত্থান