এটি বিশ্বের সবচেয়ে ভারি কুমড়া, ওজন কত?
যুক্তরাজ্যের এক কৃষক সবচেয়ে ভারি কুমড়া ফলিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। হ্যাম্পশায়ারের বাসিন্দা ইয়ান প্যাটন এই কীর্তির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সম্প্রতি নিজের নাম লিখিয়েছেন।
‘গ্রেট পাম্পকিন কমনওয়েলথের (জিপিসির)’ কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
জিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩ অক্টোবর ইয়ানের ফলানো কুমড়াটির ওজন ছিল ১ হাজার ২৯৫.৮ কেজি। জনপ্রিয় উপন্যাস দ্য জঙ্গল বুকের চিতা বাঘের চরিত্রের নাম অনুসারে কুমড়াটির নাম রাখা হয়েছে বাঘিরা।
এর মধ্য দিয়ে নিজের পুরোনো রেকর্ডই ভেঙেছেন ইয়ান। এর আগে তিনি যে কুমড়া ফলিয়ে গিনেস রেকর্ড করেছিলেন, সেটি নতুনটির চেয়ে ওজনে প্রায় ২০ কেজি হালকা ছিল।
সবচেয়ে ভারি কুমড়ার খেতাব হারালেও ইয়ানের আগের ফলানো কুমড়াটি এখনও পরিধির (৬৪৯.৮ সেন্টিমিটার) দিক থেকে বৃহত্তম হিসেবে রেকর্ড ধরে রেখেছে। অন্যদিকে নতুন কুমড়াটির পরিধি ৫৯৬.৯ সেন্টিমিটার।