শিশু ধর্ষণ: অভিযোগ থেকে আদালত পর্যন্ত আইনি ব্যবস্থার ফাঁকে যত বাধা
ঘটনাটি রাজধানীর এক আইনজীবীর চেম্বারে কয়েকদিন আগের। এক মা আকুল হয়ে আকুতি জানাচ্ছিলেন সেখানে। কিন্তু ওই মায়ের সেই অনুরোধ আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না বলে জানান আইনজীবী।
৬ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করা হয়েছে, অভিযুক্ত বাবা। সিএনজিচালিত অটোরিকশাচালক বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন মেয়েটির নানি। এরপর বাবাকে গ্রেপ্তার করা হলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।
অভিযুক্ত স্বামীকে মামলা থেকে রেহাই দেওয়ার অনুরোধ নিয়ে আইনজীবীর কাছে যান সেই মা।
আইনজীবী ফাহমিদা আক্তার কাজ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।
‘মেয়েটির মা মামলা প্রত্যাহারের জন্য আমার সাহায্য চাচ্ছিলেন। বলছিলেন যেকোনো ভাবে আমি যেন মামলাটি তুলে ফেলার ব্যবস্থা করি,’ দ্য ডেইলি স্টারকে বলেন তিনি।
‘তিনি বলছিলেন, তার সন্তান দুটি ছোট। তাদের নিয়ে তিনি কোথায় যাবেন? তার কথা হলো, স্বামী একটা ভুল করেছেন, কিন্তু জামিনে বের হয়ে পরিবারকে ঠিকঠাক চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।’
আইনজীবী ফাহমিদা তাকে জানান, আপস-মীমাংসা করে এই মামলা প্রত্যাহার হবে না।