নেইলপলিশ দেওয়া নখে খাবার খেলে কী হয়
মাছের ঝোল-ভাত কিংবা খাসির মাংস, বাঙালির কাছে ডান হাত দিয়ে খাবার মেখে খাওয়ার তৃপ্তিই আলাদা। চামচে খেলে যেন সেই স্বাদটাই ঠিক জমে না। কিন্তু ফ্যাশন সচেতনদের এই অভ্যাসের সঙ্গে এখন যুক্ত হয়েছে নতুন এক অনুষঙ্গ।
নখের সৌন্দর্য বাড়াতে অনেকেই করছেন জেল ম্যানিকিওর, ব্যবহার করছেন কৃত্রিম নখের এক্সটেনশন। কিন্তু কখনো ভেবে দেখেছেন, ওই শখের চকচকে নখ দিয়ে যখন গরম ভাতে ডাল-তরকারি মাখছেন, তখন খাবারের সঙ্গে পেটে আর কী কী যাচ্ছে?
নেইলপলিশে যেসব রাসায়নিক উপাদান থাকে
নেইল পলিশ তৈরিতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। ফর্মালডিহাইড, টলুইন ও ডিবিউটাইল ফথ্যালেট (ডিবিপি) কিছু প্রচলিত ফর্মুলায় ব্যবহৃত হয়েছে। ফলে ডান হাত দিয়ে খাবার মাখার সময় নেইল পলিশের অতি সূক্ষ্ম টুকরো খুব সহজেই ভাতের সঙ্গে মিশে যায়। আর সেই খাবার সরাসরি পাকস্থলীতে যায়। নখ নিজে কেমিক্যাল না শুষলেও, এই রাসায়নিক পেটে গিয়ে হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দেয়। পাশাপাশি, দীর্ঘমেয়াদি অ্যালার্জি এবং হজমের সমস্যারও কারণ হয়ে দাঁড়ায়।
অতিরিক্ত রাসায়নিকের প্রলেপে নখ নিজস্ব আর্দ্রতা হারিয়ে রুক্ষ ও পাতলা হয়ে যায়। সহজেই ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। কিউটিকলের চারপাশে লালচে ভাব, র্যাশ ও চুলকানির মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে যারা মা হতে চলেছেন বা যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল, তাদের এই জেল নেল পলিশ বা এক্সটেনশন থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্য ঝুঁকি
- নেইল পলিশ