কেন রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে ‘রঠা’কে নিষিদ্ধ করা জরুরি?
রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে ‘রঠা’কে নিয়ে কিছু লেখা বা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। তবুও অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে এই ফরমায়েশি লেখা লিখতে হচ্ছে। লিখছিই যেহেতু, সেহেতু এই সুযোগে দাবি জানিয়ে রাখি: রবীন্দ্রনাথকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে। সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ, নির্বাহী আদেশে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হোক।
পাঠকদেরও অনুরোধ করি, এই লেখাটাকে অতি সিরিয়াসভাবে পাঠ করার জন্য। এই লেখাটি সিরিয়াস ভঙ্গিতে পাঠ করতে পারলে আপনার মধ্যে যে জোশ আসবে, তা দিয়ে আপনি একাই রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় যথেষ্ট ভূমিকা পালন করতে পারবেন। পরবর্তী সময়ে সফল হলে ‘রঠা’বিরোধী বীরযোদ্ধা হিসেবে এক অমূল্য সনদ অর্জন করবেন। সেই সনদ ভবিষ্যতে কাজে লাগিয়ে ভাতা-টাতাও পেয়ে যাবেন। অতএব আর দেরি কেন!
আমরা জানি (গণিতের নিয়ম অনুযায়ী যেভাবে জানতে হয়, সেভাবে জানতে হবে), বহু সমস্যার মধ্যে আমরা এই মহান জাতিটি দিনাতিপাত করছি। কিন্তু আমাদের প্রধানতম সমস্যার নাম হলো ফ্যাসিবাদ। আর এই ফ্যাসিবাদী প্রবণতার কূলশিরোমণি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে ‘রঠা’ (পাঠাও বলা যেতে পারে)। আমরা অক্লান্ত পরিশ্রম করে একেকটি সমস্যার সমাধান করি, আর এই মৃত লোকটি বারবার ভূতের মতো আমাদের তাড়া করেন। তার কারণেই রাতে ভালো ঘুম হয় না। সকালটা বিশ্রীরকম কোষ্ঠকাঠিন্যে শুরু হয়। বিকেলটা হয় ম্যারম্যারে। সন্ধ্যা থেকে ঘুমানোর আগ পর্যন্ত মনটা ভরে থাকে অস্বস্তিকর ব্যভিচারে। কাহাতক আর এসব মেনে নেওয়া যায়! তাকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নইলে আমাদের কোনো সমস্যারই ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল’ অনুযায়ী সমাধান হবে না।
আমরা জানি এবং মনেপ্রাণে মানি, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করে পাকিস্তানি শাসকগোষ্ঠী একটি উচিত কাজ করেছিল। বাংলাদেশ কেন সেই উচিত কাজটি অতিসত্বর করছে না, সেটা বোঝা যাচ্ছে না। বাংলাদেশ কি ফ্যাসিবাদের উল্লাস মঞ্চে পরিণত হতে চায়? এই লোককে নিষিদ্ধ করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। কিন্তু সেসব যুক্তি খোঁজার কোনোই প্রয়োজন নেই। পাকিস্তানি শাসকগোষ্ঠী যেসব কারণে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেগুলো হুবহু বসিয়ে দিয়ে আইন জারি করলেই ল্যাঠা চুকে যাবে। মোদ্দাকথা হলো, ইস্ট অর ওয়েস্ট, বাংলাদেশ ইজ দ্য বেস্ট—এই ঘোড়ার ডিম ‘রঠা’কে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সরি, করতেই হবে।
বাংলাদেশের জনসমাজে এই ভদ্রলোকের (দুঃখিত, অভদ্রলোক বলতে পারলে বেশি পুণ্য হবে) কী কাজ এখন? কোন কাজে তিনি লাগেন আমাদের? ফসলের ক্ষেতে লাগেন? শ্রম বাজারে লাগেন? ক্ষুদ্রঋণে লাগেন? রাস্তায় চলতে লাগেন? গাড়িতে বা ট্রেনে চাপতে লাগেন? বিমান চড়তে বা কিনতে তাকে প্রয়োজন হয়? বিদ্যুৎ পেতে? তেল-গ্যাস পেতে? রান্না করতে? নিত্যদিনের কোনো কাজে? কোনো চুক্তিতে বা মুক্তিতে? বরং এই লোককে নিষিদ্ধ করতে পারলে আমাদের তেলের দাম কমে যাবে। আমরা সপ্তাহে ২৪ ঘণ্টা করে বিদ্যুৎ পাব। অকাতরে-সকাতরে চলে যাবে হাম ও ডেঙ্গু। চলে যাবে ট্র্যাফিক জ্যাম। থাকবে না কোনো ময়লা-আবর্জনা। রাস্তাঘাট হয়ে উঠবে পরিষ্কার-পরিচ্ছন্ন। একে নিষিদ্ধ করতে না পারলে আমাদের মনের ও বনের অন্ধকার দূর হবে না। অতএব, এদেশের উৎকৃষ্ট ও সবচেয়ে গরিষ্ঠ জনসমাজের কোনো কাজেই তার কোনো প্রয়োজন নেই। তাহলে তাকে অযথা কেন টেনে নিয়ে যেতে থাকবে জনগণের করের টাকায় চলা এমন একটি রাষ্ট্র, যেখানে রাষ্ট্র চালায় গরিষ্ঠরা আর ভূত হিসেবে চেপে বসে আছেন একজন ভিন্নদেশি ভিন্নধর্মী? অতএব, তাকে নিষিদ্ধ করতেই হবে।
এই ভূতকে বিদায় করতে হলে কাকদের (শকুনদের ব্যবস্থা করতে পারলে মন্দ হতো না, কিন্তু এত শকুন এই মুহূর্তে ব্যবস্থা করা সম্ভব না, শকুনরা সব ভালো হয়ে গেছে বলে জানা যাচ্ছে) রাজসভা গঠন করে তার পিণ্ডি-চণ্ডী আর মুণ্ড-পিণ্ড একাকার করে ফেলতে হবে। একদম খুবলে খাবে কাকরা, যেন নিষিদ্ধ না করার পাঁয়তারা যারা করবেন, তারাও ভরকে গিয়ে বাধ্য হন গরিষ্ঠ মতকে গণতান্ত্রিক মত হিসেবে স্বীকার করতে। এর চেয়ে গণতান্ত্রিকভাবে নিষিদ্ধ করার কৌশল আর কোথায় পাওয়া যাবে? সংখ্যাগরিষ্ঠের মত প্রতিষ্ঠিত হওয়াই তো প্রকৃত গণতন্ত্র। এই লোককে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা বিশ্ব চরাচরে প্রমাণ করতে পারব যে, জাতি হিসেবে আমরা কতটা গণতান্ত্রিক। অতএব, ‘রঠা’কে নিষিদ্ধ করতে আর কত দেরি, হে পাঞ্জেরি!
না, কোনোভাবেই তাকে আমরা এই রাষ্ট্রের ছায়া ও কায়ায় বহন করতে পারি না। তার নামে কোনো কাল্ট বানানো চলবে না এ দেশে। এই লোক আমাদের অনেক ক্ষতি করেছেন। ক্ষতি করেছেন ১৯০৫ থেকে ১৯১১ সাল পর্যন্ত। ক্ষতি করেছেন ১৯১২ থেকে ১৯২১ সাল পর্যন্ত। অথচ আমরা এমন এক বেকুব জাতি যে, ঘোরতর পূর্ববাংলাবিরোধী এই লোককে ১৯৭১ সালে আমরা মাথায় উঠিয়ে যুদ্ধে গেছি। সেই থেকে এই লোক অনন্ত ক্ষতি করেছেন সমগ্র পদ্মা-মেঘনা-যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত এই জনপদটির। এই লোক একজন আপাদমস্তক ক্ষতিকারক জীব। তাকে মানুষই গণ্য করা যায় না। তার হাতে লেগে আছে বহু মানুষ খুনের রক্ত। তিনি একজন খুনি, ধর্ষক, গণহত্যাকারী কিংবা তাদের অকাজ-কুকাজের সম্মতি উৎপাদনকারী। তাকে এই মহান বঙ্গদেশ থেকে নিষিদ্ধ করতেই হবে।
তাকে নিষিদ্ধ করে দিলে আমাদের বহু সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা ভারতীয় সম্প্রসারণবাদ থেকে মুক্তি পাব। আমাদের সংস্কৃতি থেকে হিন্দুত্ববাদ বিদায় নেবে। ফি-বছর বর্ষবরণের আদিখ্যেতাকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া যাবে। তাকে নিষিদ্ধ করতে পারলে আমাদের নারীদের চলাফেরার স্বাধীনতা ফিরে আসবে। কেউ নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করবে না। ধর্মনিরপেক্ষতা ও ধর্মানুভূতি নিয়ে আমাদের হা-হাপিত্যেশ বন্ধ হবে। আমাদের রাষ্ট্র পবিত্রভূমিতে পরিণত হবে। এই লোকের যন্ত্রণায় আমরা অসুস্থ হয়ে না পড়ার আগেই তাকে তাই নিষিদ্ধ করা জরুরি হয়ে গেছে। তাকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে।
- ট্যাগ:
- মতামত
- নিষিদ্ধ
- রবীন্দ্রনাথ ঠাকুর