বরিশালের শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগীর চাপ বাড়ায় পুরোনো ভবনের নিচতলায় করা হয়েছে নতুন একটি মেডিসিন ইউনিট। এরপরও রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অনুসন্ধান কেন্দ্র থেকে শুরু করে গেট, বাথরুম ও লিফলেটের পাশে যেখানে ফাঁকা জায়গা রয়েছে, সেখানেই রাখা হয়েছে রোগী। ডেঙ্গুতে আক্রান্ত, কিডনি-সংক্রান্ত এবং হার্টের জটিলতা নিয়ে ভর্তি হওয়া রোগীদেরও রাখা হয়েছে একইভাবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক অন্তর্বিভাগে গড়ে ৩ হাজার রোগী ভর্তি থাকে। অথচ শয্যা রয়েছে ১ হাজার। এ ছাড়া বহির্বিভাগে দৈনিক চিকিৎসা দেওয়া হচ্ছে ৩ হাজার রোগীকে। অথচ জনবল নেই অর্ধেকও। সম্প্রতি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি মোকাবিলায় এক হাজারের স্থলে ৩ হাজার শয্যার অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে গিয়ে দেখা গেছে, গেটের চারপাশেও রোগী শুয়ে আছে। পুরোনো ভবনের নিচতলার মেঝেতে এক মাস আগে মেডিসিন ইউনিট-৬ চালু করা হয়েছে। সেখানে দৈনিক ৩০০ রোগী ভর্তি থাকছে। এমনকি বারান্দা এবং বাথরুম ও লিফটের পাশেও রোগী রাখা হয়েছে।
পুরোনো ভবনের নিচতলার মেঝেতে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র শাহিনুর রহমান বলেন, শুক্রবার জ্বর নিয়ে এসেছেন, কিন্তু ওয়ার্ডে জায়গা হয়নি। চিকিৎসা কী যে হচ্ছে, তা-ও বুঝতে পারছেন না।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রোগীর ভিড়
- চাপ সৃষ্টি