ব্যাংক খাত পুনরুদ্ধার: বছরে লাগবে ৬০ হাজার কোটি টাকা
দেশের ক্ষতিগ্রস্ত ব্যাংক খাত পুনরুদ্ধারে সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা জোগান দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিগত সময়ে ব্যাপক আর্থিক লুটপাট ও অনিয়মের কারণে বর্তমান অবস্থায় আসা ব্যাংক খাতকে শক্তিশালী অবস্থায় ফেরাতে হলে এভাবে আগামী পাঁচ থেকে আট বছর অব্যাহতভাবে জাতীয় বাজেট থেকে প্রতিবছর এই অর্থ বরাদ্দ দেওয়ার প্রয়োজন হবে বলেও জানান তিনি।
গতকাল শনিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআরে লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে মোস্তাকুর রহমান পর্দার আড়ালের এসব তথ্য সামনে আনেন।
প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থী জানান, তাঁর বাবা একটি ব্যাংকের শাখা এবং এটিএম থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারেননি। ব্যাংক টাকা দিতে পারেনি। তাঁর টিউশন ফি দেওয়ার সময়েও এমন সমস্যায় পড়তে হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে?