অ্যামাজনে আবারও চাকরি হারালেন প্রায় এক হাজার কর্মী
বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে আবারও কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। এবার প্রতিষ্ঠানটির খুচরা ব্যবসা বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মীদের চাকরি হারাতে হয়েছে। অ্যামাজনের পক্ষ থেকে ছাঁটাইয়ের পরিসরকে তুলনামূলকভাবে ছোট বলে উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, এতে প্রায় এক হাজার কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মঙ্গলবার থেকে অ্যামাজনের দুই দিনব্যাপী বিশেষ বিক্রয় আয়োজন ‘প্রাইম বিগ ডিল ডেজ’ শুরু হয়। বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়ের এই আয়োজন বুধবার শেষ হওয়ার কথা ছিল। এমন একটি গুরুত্বপূর্ণ বিক্রয় কার্যক্রম চলাকালেই নতুন করে কর্মী ছাঁটাইয়ের খবর সামনে এসেছে।
অ্যামাজনের খুচরা ব্যবসার গুরুত্বপূর্ণ বিভাগ ‘স্টোরস’-এর আওতায় প্রতিষ্ঠানটির প্রধান ই-কমার্স ওয়েবসাইট পরিচালিত হয়। এক বিবৃতিতে অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, এই বিভাগের কিছু অংশে সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। ব্যবসার বর্তমান অগ্রাধিকারগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, ‘স্টোরস’ বিভাগের একাধিক ইউনিটে এই ছাঁটাইয়ের প্রভাব পড়েছে। এর মধ্যে গ্রাহকসেবা এবং বিক্রেতা অংশীদারদের সহায়তা দেওয়ার কাজে নিয়োজিত কর্মীরাও রয়েছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও যুক্তরাজ্যে কর্মরত কিছু কর্মীও এই ছাঁটাইয়ের আওতায় পড়েছেন বলে জানা গেছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কর্মী ছাঁটাই
- অ্যামাজন