রেকর্ড গড়ে এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ার পর এবার আন্তর্জাতিক সংগীতের মঞ্চে নজর কাড়ার অপেক্ষায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত ছবিটির অ্যালবাম জমা দেওয়া হয়েছে গ্র্যামি পুরস্কারের জন্য।
শুধু পুরো অ্যালবাম নয়, মনোনয়নের বিবেচনার জন্য পাঠানো হয়েছে এর নয়টি গানও। প্রযোজনা সংস্থা টি-সিরিজ ও বি৬২ স্টুডিওজের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে।
প্রযোজনা সংস্থা সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসরের একাধিক বিভাগে বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে ‘ধুরন্ধর ২’-এর গানগুলো। সুরকার শাশ্বত সাচদেবের তৈরি পুরো অ্যালবামটি পাঠানো হয়েছে ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে।
পাশাপাশি অ্যালবামের নয়টি গান আলাদা নয়টি বিভাগে জমা দেওয়া হয়েছে। এই খবর জানিয়ে ছবিটির প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন নির্মাতারা।
তালিকায় রয়েছে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘ফির সে’। গানটি জমা দেওয়া হয়েছে ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে।
- ট্যাগ:
- বিনোদন
- গ্র্যামি অ্যাওয়ার্ড
- রণবীর সিং