প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ
দ্বিতীয় দিন বোর্ডে নতুন করে ২৯ রান যোগ করতেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৪৬ রান। শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন এবাদত হোসেন। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
ইয়ামিন আহমাদজাইয়ের ধীরগতির বলে আউট হন এবাদত। মিডল-লেগ স্টাম্পে পড়া ফুলার লেংথের বলটি খেলতে গিয়ে ব্যাটের পুরো মুখ বলের লাইনের ভেতরে অস্বস্তিকরভাবে নিয়ে আসেন এবাদত। ব্যাট ও প্যাডের মাঝে তৈরি হয় বড় ফাঁক। ব্যাটের বাইরের অংশে লেগে বলটি চলে যায় পয়েন্টে। সেখানকার ফিল্ডার সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে নিরাপদে ক্যাচটি তালুবন্দি করেন। লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে ব্যাটের এজে লেগে ক্যাচ চলে যায় পয়েন্টে থাকা ফিল্ডারের হাতে।
৮ উইকেটে ৩১৭ রান নিয়ে বাংলাদেশের দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। প্রথম বিদায় নেন তাইজুল। মোহাম্মদ সেলিমের লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বল পুল করতে গিয়ে ব্যর্থ হন তিনি, বল গিয়ে জমা হয় উইকেটকিপারের গ্লাভসে। বোলারের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নেয় আফগানিস্তান। সেখানে দেখা যায় তাইজুলের গ্লাভস স্পর্শ করেছে বল। ফলে সিদ্ধান্ত বদলায় আম্পায়ার। ৯ রান করে তাইজুল ফিরলে ৩৩৫ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন মোহাম্মদ সেলিম। ৩টি ইয়ামিন, ২টি ইসমত। একটি কাইস আহমেদ।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ-আফগানিস্তান
- টেস্ট ম্যাচ