কিরিলের ল্যাপটপ চুরি বনাম আমাদের ভাবমূর্তি

যুগান্তর সুমন জিহাদী প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১১:২৮

কিছুদিন আগেই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আমরা পত্রপত্রিকায় অনেক নিবন্ধ পড়েছি, পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পরিকল্পনা ও বিনিয়োগের কথা জেনেছি। একইসঙ্গে জেনেছি পর্যটন নিয়ে সরকারের প্রকল্প ও নীতিমালাবিষয়ক উদ্যোগগুলো। কিন্তু বাংলাদেশে একটা অদ্ভুত ‘সোশ্যাল প্যারাডক্স’ বা সামাজিক দ্বৈরথ আছে। যখন কোনো একটি ঘটনা আমাদের স্বপ্ন দেখায়, ঠিক তখন আরেকটি বিপরীত অঘটন আমাদের স্বপ্ন দেখাকে তাচ্ছিল্য করে; হতাশায় পরিণত হয় আমাদের আকাঙ্ক্ষাগুলো।


অতিসম্প্রতি দুটি ঘটনা সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে ছড়িয়ে গেছে যে, আমাদের ভাবমূর্তি বিশ্ববাসীর কাছে ক্ষুণ্ন হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। একটি ভিডিওতে একজন মাঝিকে এক বিদেশি পর্যটকের কাছে টাকা চাইতে দেখা যায়। একবার না, বারবার। বিদেশি ফটোগ্রাফার বেশ বিব্রত হন এবং অস্বস্তির মধ্যেই তাকে ফিরিয়ে দেন। আরেকটি ভিডিও আরও বেশি অবমাননাকর। জার্মান যুবক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র নাটোর রেলস্টেশন থেকে চুরি করে নিয়ে গেছে বাংলাদেশি এক প্রতারক। কিরিল ল্যান্ডারকে এ সময় রেলওয়ে থানায় বসে কাঁদতে দেখা গেছে।


এই ভিডিও দুটি পৃথিবীর মানুষের কাছে আমাদের বিষয়ে কী ধারণা তৈরি করবে? যারা সাধারণ পর্যটক, তারা বড় বড় পত্রিকার কলাম, গবেষণা বা সরকারের প্রতিবেদন পড়ে গন্তব্য নির্ধারণ করে না। তারা গন্তব্য ঠিক করার আগে প্রথমত সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ও পরিচিত ব্লগারদের ভিডিওগুলো দেখে। ট্রিপ অ্যাডভাইজার, বুকিং ডটকম বা আগোডার মতো বড় বড় ট্রাভেল প্ল্যানার প্ল্যাটফর্মের রিভিউ দেখে। কিরিল এখন বাংলাদেশের ব্যাপারে কেমন রিভিউ দিতে পারেন, বা কেমন দেওয়া উচিত? আসলে কিরিল তো একজন নন।


কক্সবাজারের রিকশাওয়ালা কর্তৃক এক বিদেশি যুগলকে হয়রানি করার ভিডিও দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছিল বছর দুই আগে। বেশ আলোচনা হয়েছিল এক অস্ট্রেলিয়ান নারী পর্যটক কক্সবাজারের হোটেলকক্ষে ধর্ষণের শিকার হওয়ায়। অনেক বছর আগে একবার এক কানাডিয়ান গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় হারিয়েছিলেন তার ল্যাপটপ আর ক্যামেরা, যেখানে তার গবেষণার জন্য সংগৃহীত সব তথ্য আর ছবি ছিল। কদিন আগেই রাজশাহীতে কিছু কিশোর টিকটকার হয়রানি করেছিল কয়েকজন বিদেশি ভ্রমণপিপাসুকে। যদিও পরে পুলিশ তাদের গ্রেফতার করেছিল; কিন্তু বাস্তবতা হলো, ততক্ষণে আমাদের যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। এ ঘটনাগুলোই প্রবাসীদের কাছে আমাদের সম্মিলিত প্রতিচ্ছবি তৈরি করে, বাংলাদেশের ভাবমূর্তি নির্মাণ করে।


অনেকেই মনে করতে পারেন, এগুলো কেবল বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে। বিষয়টি এর থেকেও বহুমাত্রিক ও গুরুতর। এ ধরনের নেতিবাচক রিভিউ ও ব্লগের সংখ্যা যত বাড়তে থাকে, এর প্রভাবও চক্রবৃদ্ধি আকারে বাড়ে। তিন ধরনের ক্ষতি স্বল্পমেয়াদে বা তৎক্ষণাৎ ঘটে। প্রথমত, বিদেশি পর্যটকরা এ দেশ থেকে মুখ ফিরিয়ে নেন। পর্যটক অনুপ্রবেশের ফলে আমাদের যে আর্থিক লেনদেনগুলো হওয়ার কথা ছিল, সেগুলো হয় না, কর্মসংস্থানের গতি হ্রাস পায়। দ্বিতীয়ত, বাংলাদেশিদের সম্পর্কে এমন ধারণা বিদেশে আমাদের অনুপ্রবেশ সংকুচিত করে, পাসপোর্টের ক্ষমতা কমিয়ে দেয় এবং বিমানবন্দরগুলোতে বর্ধিত যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশি নাগরিকদের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও