মেসি বিদায় নিয়েছেন, আর্জেন্টিনা দলে এসেছেন নতুন লিওনেল
কেউ খেয়াল করেছেন কি?
বেনিনের বিপক্ষে ওই ম্যাচটায় আসলে দুজন লিওনেল খেলেছেন আর্জেন্টিনা দলে। একজন লিওনেল মেসি। যাঁর বিদায়ী ম্যাচ ছিল সেটা। অন্যজন লিওনেল ফ্লোরেস। একজন কিংবদন্তি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক, যাঁর নামে ঘরবাড়ি ভরে আছে ছবিতে, পোস্টারে, স্মৃতিতে।
আরেকজন ১৮ বছরের এক কিশোর, যাঁর পরিচয় মাত্র লেখা শুরু হয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে বোকা জুনিয়র্সের দ্বিতীয় দল থেকে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলে। উত্থানটা এতটাই দ্রুত যে লিওনেল মেসির বিদায়ী ম্যাচেও দেখা গেছে তাঁর উপস্থিতি। বদলি নেমে সেদিন খেলেছেন মিনিট পনেরো।
লিওনেল ফ্লোরেসের জন্ম ২০০৭ সালের ফেব্রুয়ারিতে। জায়গাটা ভিয়া লা কাভা, বুয়েনস এইরেসের উত্তরে সবচেয়ে গরিব এলাকাগুলোর একটির বস্তি। তবে ‘লিও’ কিংবা ‘ফ্লোরেস’ নয়, সবাই তাঁকে ডাকে ‘বেনজা’ নামে। তাঁর পুরো নাম যে লিওনেল বেনজামিন ফ্লোরেস!
খুব অল্প বয়সেই ফ্লোরেসের প্রতিভা চোখ এড়ায়নি বোকা জুনিয়র্সের স্কাউটদের। সাত বছর বয়সে তিনি ঢুকে পড়েন বোকা জুনিয়র্সের একাডেমিতে। তারপর দীর্ঘ ১০ বছর ধরে রোজ ভোর পাঁচটায় উঠে বাস ধরে অনুশীলনে যাওয়া। স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে কেটে গেছে শৈশবের অনেকটা সময়।
ফল এল ধাপে ধাপে। একাডেমির প্রতিটি স্তর পেরোতে পেরোতে এক ম্যাচে করলেন পাঁচ গোল। একবার করলেন কর্নার থেকে সরাসরি গোল, যাকে ফুটবলের ভাষায় বলে অলিম্পিক গোল। শিশু বয়সের সেই ছেলেটি তখনো জানত না, ভোরের বাস তাকে একদিন কোথায় পৌঁছে দেবে।
- ট্যাগ:
- খেলা
- জাতীয় ফুটবল দল
- নতুন মুখ
- লিওনেল মেসি