কে এই ধ্রুব রাঠি, কীভাবে হয়ে উঠলেন এত জনপ্রিয়
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে গতকাল বৃহস্পতিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে যোগ দিয়ে আলোচনায় বহুল পরিচিত ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। এ কর্মসূচিতে তাঁর উপস্থিতি তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
কর্মসূচিতে অংশ নিয়ে ধ্রুব রাঠি ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া নিয়ে অভিযোগ করে বলেন, এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) স্বচ্ছতার সম্পূর্ণ অভাব রয়েছে। ইসির কোনো জবাবদিহিও নেই।
তবে ধ্রুব রাঠি এ কথাও বলেন, ‘আমি এখানে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে আসিনি।’ তিনি এ কথা বললেও সিজেপির আন্দোলনে ধ্রুব রাঠির সশরীর অংশগ্রহণ ভারতের মোদি সরকারের জন্য বড় ধরনের চিন্তার বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে।
এখন প্রশ্ন, কে এই ধ্রুব রাঠি?
জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা
ধ্রুব রাঠির অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে, তাঁর জন্ম ১৯৯৪ সালের ৮ অক্টোবর। ভারতের হরিয়ানা রাজ্যের রোহতকের একটি হিন্দু জাট পরিবারে।
বাবা মহাবীর রাঠি, মা ঊর্মিলা রাঠি। ওয়েবসাইটে বলা হয়, একটি আন্তরিক পারিবারিক পরিবেশে বেড়ে ওঠার সময় মা–বাবা ধ্রুব রাঠির মধ্যে কঠোর পরিশ্রম, শ্রদ্ধাবোধ ও জানার আগ্রহের মতো মূল্যবোধগুলো গড়ে তুলেছিলেন। একটি সুশিক্ষিত পরিবারে বেড়ে ওঠার কারণে বিজ্ঞান, ইতিহাস ও সমসাময়িক ঘটনাবলির প্রতি তাঁর গভীর আগ্রহ তৈরি হয়। ভালোবাসা ও শেখার আনন্দে ভরা হরিয়ানায় কাটানো শৈশব তাঁর পরবর্তী জীবনে শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে। হরিয়ানায় বেড়ে ওঠা তাঁর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিক্ষাজীবন—উভয় ক্ষেত্রেই তাঁর আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে হরিয়ানায় কাটানো শৈশবের বড় অবদান রয়েছে।
দেশের সীমানা পেরিয়ে নতুন যাত্রা শুরু করার আগে ধ্রুব রাঠি হরিয়ানায় তাঁর প্রাথমিক শিক্ষাজীবন সম্পন্ন করেন। ১৭ বছর বয়সে তিনি উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে জার্মানিতে পাড়ি জমান। তিনি জার্মানির স্বনামধন্য কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজিতে (কেআইটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষা শুরু করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ইউটিউবার
- আন্দোলনে যোগদান